গরুর রচনা সর্বদাই গরুর রচনা। কদ্যাপি উহা ছাগল কিংবা নদীর রচনা নহে। সংজ্ঞা: বিশেষ্য। অকর্মক সেইসব প্রাণী যারা তাদের সম্মানিত লেজের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান করেন তাদের গরু বলা হয়। সংঙ্গাহীনতা: উপযুক্ত সংজ্ঞার অভাবে অনেক গরুই আর শেষ পর্যন্ত গরুতে পরিণত হইতে পারে না। গরুর সংজ্ঞাহীনতার একটি পর্যায় আছে। সংজ্ঞাহীন গরুর আরেক নাম গাধা। ভূমিকা: ভূমিসংলগ্ন সকল বন্তু ও প্রাণীর ২টি করিয়া ভূমিকা থাকে। একটি ব্যক্তিগত ভূমিকা ও অপরটি সামাজিক। গরুর ব্যক্তিগত ভূমিকা এই যে, সে ভূমি হইতে উৎপন্ন ঘাস ও আগাছা ভক্ষণ করে। আর সমাজে দুধ সরবরাহের মাধ্যমে গরু তার সামাজিক ভূমিকাটি পালন করিয়া থাকে। কিন্তু গরু কখনোই ছাগল নয়। তার এই দুইটি ভূমিকা ছাড়াও আরেকটি অতিরিক্ত ভূমিকা (যদিও হিংসুকগণ একে গরুর অহমিকা বলিয়া জ্ঞান করে) আছে। তা হচ্ছে জাবর কাটা–গরু জাবর কাটে–এটি হচ্ছে গরুর রাজনৈতিক ভূমিকা। গরুর কাজ: গরুর চক্ষু আছে, ফলে সে ড্যাবড্যাব করিয়া তাকায়। গরুর দন্ত আছে কিন্তু সে কামড়ায় না। গরুর নাসিকা আছে, কিন্তু সে নাক গলায় না। আর গরুর আছে এক উত্তম কর্ণ ব্যবস্থা, যার কারণেই পৃথিবীর তাবৎ উপদেশবাক...